২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জন্মোৎসবে যোগ দেবেন ভারতের উপ-রাষ্ট্রপতি

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের উপ-রাষ্ট্রপতি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

নয়া দিল্লি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শ বছর পূর্তি উৎসবে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি। বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ৬ থেকে ৮ মে এই উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে ৫ মে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দুই দিনের এই সফরে হামিদ আনসারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় রবীন্দ্রনাথের জন্মের দেড়শ বছর পূর্তি উৎসব যৌথভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়। নোবেল বিজয়ী এই কবিই বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের রচয়িতা। বছরব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে দুই পর্বে বিভক্ত। ৬ থেকে ৮ মে ঢাকায় এবং ৭ থেকে ৯ মে দিল্লিতে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গত ৭ এপ্রিল বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম ও জওহর সরকারের এক বৈঠকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দুই সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতির বিষয়টি চূড়ান্ত করা হয়। জওহর সরকার জানান, চলতি বছরের মে থেকে ২০১২ সালের মে পর্যন্ত সময়ে এই উৎসবের অংশ হিসেবে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এর আওতায় দুই দেশের বিভিন্ন থিয়েটার দল, সংগীত ও নৃত্য সংগঠনের পাশাপাশি খ্যাতিমান রবীন্দ্র সংগীত শিল্পীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া রবীন্দ্রনাথের আঁকা ছবি ও তাকে নিয়ে তৈরি চলচ্চিত্রের প্রদর্শনী এবং রীবন্দ্র গবেষকদের নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে প্যারিসের ইউনেস্কো সদরদফতরসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে। জোড়াসাঁকো, শান্তিনিকেতন, শিলাইদহ, কুষ্টিয়া, শাহজাদপুরসহ রবীন্দ্রাথের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে ঘিরে একটি 'পর্যটন চক্র' গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে, যার নাম হবে রবিতির্থ। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলোর সংরক্ষণে ভারত সরকার কারিগরি সহায়তা দেবে বলে জওহর সরকার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/জেকে/২৩২৪ ঘ.