ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন শ্রীলঙ্কার সফররত রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সোমবার বিকালে তার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ কথা বলেন রাজাপাকসে।
এ সময় হাসিনা ও রাজাপাকসে দুদেশের মধ্যে ব্যবসার প্রসার, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং খাদ্য নিরাপত্তায় এক সঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অস্থায়ী পদের বিষয়টি তার সরকার বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন রাজাপাকসে।
তিনি বলেন, তার দেশের অনেক ব্যবস্যা প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সরাসরি বিমান ও নৌ যোগাযোগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাংলাদেশ সফর পারস্পরিক সুসম্পর্কের বিষয়টিকে আরো জোরদার করবে।
শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশের চামড়াজাত দ্রব্য, মেলামাইন ও প্লাস্টিক সামগ্রী, নিটওয়্যার, সাবান এবং সিরামিক সামগ্রীর শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অবাধ সুযোগের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈরি পোশাক, চামড়া এবং ওষুধ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতে শ্রীলঙ্কায় সশস্ত্র সংঘাতের অবসান হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানান।
কৃষি, মৎস এবং প্রানীসম্পদে দুদেশের অবাধ সম্ভাবনার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই খাতগুলোতে উন্নয়নে দুদেশের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোতে দুদেশ একমত পোষণ করে।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় আঞ্চলিক ঐক্যবদ্ধ অবস্থান তৈরিতে শ্রীলংকার সহযোগিতা চান শেখ হাসিনা।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৫১ ঘ.
bdnews24