চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার বিকালে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমীন হেফাজতের এ আদেশ দেন।
গ্রেপ্তার দু'জন হলেন- মোহাম্মদ ওসমান গনি (২৪) ও সিরাজ মিয়া ওরফে টিপু (২৬)। তারা মাদক ব্যবসায়ী।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তিনদিনের অনুমতি দেন।
গ্রেপ্তার দু'জনকে সোমবার থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে তিনি জানান।
শনিবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজকে ধরতে মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন (২৮)ও এসআই নাছির পূর্ব হিঙ্গুলি গ্রামে যান।
পারভেজকে ধরার পর ধস্তাধস্তির এক পর্যায়ে বোরহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় পারভেজ। পরে স্থানীয় একটি হাসপাতালে বোরহান উদ্দিনের মৃত্যু হয়।
পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ফেনী ও মিরসরাইয়ের করের হাট থেকে এ দু'জনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/১৯৫৯ ঘ.
bdnews24