ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সোমবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার এবং শ্রীলঙ্কার সফররত রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষর হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছিলেন, দুদেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পেইরিস এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং বাণিজ্যমন্ত্রী ফারুক খান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তিটি হয় দুদেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় বিষয়ে। এছাড়া রপ্তানি, সংস্কৃতি-শিক্ষা-বিজ্ঞান, প্রাণীসম্পদ, কৃষি ও কারিগরী শিক্ষা বিষয়ে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুদেশ।
এর আগে, শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মাহিন্দা রাজপাকসে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রাণীসম্পদমন্ত্রী, তথ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১১ ঘ.
bdnews24