মুন্সীগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হন দুইজন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সাড়ে চারঘণ্টা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করেছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্পিড ব্রেকার নির্মাণ হলে যান চলাচল শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুর ২টায় উমপাড়ায় এ দুর্ঘটনায় নিহত একজনের নাম লিটন (২০)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা। আরেকজনের পরিচয় জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়াগামী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জন নিহত হন।
এরপরই বিক্ষুব্ধ জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সন্ধ্যা ৬টার দিকে স্পিড ব্রেকার নির্মাণ হলে অবরোধ তুলে নেয় তারা।
গত ১১ এপ্রিল একই স্থানে মাইক্রোবাস চাপায় পথচারী নিহত হলে জনতা ওইদিনও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছিল।
তখন শ্রীনগর উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24