২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলা: ফের সাক্ষ্যগ্রহণ শুরু

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে আবারো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে আবারো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার এ আদালতে মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ সাক্ষ্য দেন। ২০১০ সালের ৯ মার্চ হাইকোর্ট এ মামলার অন্যতম আসামি শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক মো. আবদুল মজিদ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামি ৩ মে ধার্য করেছেন। সাক্ষ্যগ্রহণের সময় এ মামলার সাত আসামির মধ্যে মাত্র একজন আদালতে হাজির ছিলেন। তিনি হলেন, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ। অপর আসামি সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা যান। বাকি চার আসামির মধ্যে ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে মামলাটি হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। অপর আসামি সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। তারা এর আগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পান। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলাটি করে। মামলায় আসামিদের পদক্ষেপে রাষ্ট্রের ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনা রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। ১৮১১ এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট সাক্ষী ৪০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮১১ ঘ.