২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাজাপাকসে

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। সোমবার বিকাল ৩টার দিকে তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান রাজাপাকসে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিকেলে সোনারগাঁও হোটেলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। দীপু মনি জানান, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন রাজাপাকসে। ওই বৈঠক শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এদিকে রাজাপাকসে বলেছেন, ঢাকা ও কলম্বো পরস্পরের বিশ্বস্ত বন্ধু এবং তার এ সফর দুদেশের সম্পর্ক আরো জোরদার করবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। রাতে হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ ছাড়া দুই দেশের মধ্যে আরও চারটি স্মারকে সই হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাজাপাকসে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন ও মেরুল বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন করবেন। বুধবার বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাংলাদেশে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭৩৭ ঘ.