ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী অক্ষরানন্দ আর নেই। সোমবার সকালে এ্যাপোলে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
স্বামী অক্ষরানন্দের বয়স হয়েছিলো ৮২ বছর।
মিশনের উপদেষ্টা প্রবীর কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহারাজ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এছাড়া তার ডায়াবেটিকস, কিডনি জটিলতাও ছিলো।
গত মাসের শেষ ভাগ থেকে অক্ষরানন্দ হাসপাতালে ছিলেন বলে প্রবীর জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় সবুজবাগ শ্মাশান ঘাটে মহারাজের অন্তেষ্টিক্রিয়া হবে।
অধ্যক্ষ অক্ষরানন্দের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।
দুপুরে প্রয়াত মহারাজের কফিন রামকৃষ্ণ মিশনে আনা হলে শত শত ভক্ত কান্নায় ভেঙে পড়েন। ভক্ত ও গুনগ্রাহীরা প্রয়াত অধ্যক্ষের প্রতি শেষ শ্রদ্ধাও জানান সেখানে।
সোমবার সারাদিনই মহারাজের কফিন রামকৃষ্ণ মিশনে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য থাকবে।
মহারাজ অক্ষরানন্দের জন্ম ১৯২৯ সালে সাতক্ষীরায়। তিনি ভারতের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ ছিলেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। তিনি বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24