২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুদ্দীন-মইনকে আবার ডেকেছে সংসদীয় কমিটি

বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে হাজির হতে আরো ছয় সপ্তাহ সময় দিয়েছে সংসদীয় একটি কমিটি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে হাজির হতে আরো ছয় সপ্তাহ সময় দিয়েছে সংসদীয় একটি কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে সোমবার কমিটির বৈঠকে হাজির হতে দুজনকে বলেছিলো। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুজনই অপরাগতার কথা চিঠিতে জানালে নতুন করে তাদের হাজির হতে আগামী ৫ জুন তারিখ ঠিক করা হয়েছে। সোমবার সংসদীয় ওই উপকমিটির বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেনন বলেন, "তারা দুই জনই চিঠিতে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন। ২০০৭ সালের ওই সহিংসতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও সাবেক সেনা প্রধান তাদের দায়িত্ব এড়িয়ে গেছেন।" সে সময় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষদের অমানুষিক নির্যাতন প্রসঙ্গে তারা কিছুই জানাননি উল্লেখ করে মেনন বলেন, "বরং সংসদীয় কমিটিকে তৎকালীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন দেখার অনুরোধ করেছেন তারা।" এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন, "ওই প্রতিবেদন আমরা আগেই দেখেছি। ওটা অসম্পূর্ণ প্রতিবেদন। ওই প্রতিবেদনে মূল বিষয়কেই পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।" তিনি জানান, উপ কমিটির দেওয়া চিঠির জবাবে মইন ইউ আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে অপরাগতা জানালেও ফখরুদ্দীন কোনো কারণ উল্লেখ করেননি। সংসদীয় কমিটির সামনে হাজির হওয়া অসম্মানজনক কিছু নয় মন্তব্য করে মেনন বলেন, "এখানে লজ্জার কিছু নেই। অসুস্থ হলেও দীর্ঘ ভ্রমণ অসম্ভব কোনো বিষয় নয়।" কমিটি ঘটনার পরিপ্রেক্তিসহ সব কিছু ওই দুই জনের মুখ থেকেই শুনতে চায় বলেও মন্তব্য করেন মেনন। এবারো কমিটির ডাকে সাড়া না দিলে কী করা হবে- জানতে চাইলে তিনি বলেন, "আমরা মনে করি, নির্বাচিত সংসদের কাছে তাদের হাজির হওয়া উচিত। যদি তা না হয় তবে পরবর্তী করণীয় পরে ঠিক করা হবে।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার। সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়। গত ২৭ ফেব্র"য়ারি উপ-কমিটির চতুর্থ বৈঠকে তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে তলবের সিদ্ধান্তহয়। এরপর গত ২৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে ফখরুদ্দীনকে এবং সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে মইন উ আহমেদকে সংসদীয় উপ-কমিটিতে হাজির হওয়ার চিঠি পাঠানো হয়। মেনন জানান, সংঘর্ষের সময় আহত ছাত্রদের বক্তব্য আগামী ১৯ মে শুনবে সংসদীয় উপকমিটি। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য শোনার পর রাজশাহীর তৎকালীন র‌্যাব-৫ এর প্রধান কর্মকর্তা ও তৎকালীন ডিজিএফআই'র প্রধান শামসুল আলম খানের বক্তব্য নিতে ৫ জুন পুনরায় তাদের তলব করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জেকে/১৬৩৯ ঘ.