২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের চাকুরির প্রতি ঝোঁক ছিল বোরহানের

মায়ের সঙ্গে বোরহান উদ্দিনের শেষবারের মতো কথা হয় শনিবার দুপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

আবু নাছের মঞ্জু নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের সঙ্গে বোরহান উদ্দিনের শেষবারের মতো কথা হয় শনিবার দুপুরে। মোবাইল ফোনে দুপুর ২টার দিকে তিনি মাকে ঠিকমত খেয়েছেন কিনা, শরীর ভালো আছে কিনা জিজ্ঞেস করেন। ভাইয়েরাসহ বাড়ির অন্য সবাই কেমন আছেন- ইত্যাদি নানা বিষয়েও খোঁজখবর নেন। রাত ৮টার দিকে আকরাম নামে তার এক সহকর্মী ফোনে রোরহানের মাকে তার মৃত্যুর সংবাদ দেন। মিরসরাই থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন (২৮) শনিবার রাতে পূর্ব হিঙ্গুলি গ্রামে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে মারা যান। তার মৃত্যু সংবাদ শোনার পর থেকে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শোকে নির্বাক হয়েছেন মা লুৎফুন্নাহার বেগম। রোববার সন্ধ্যায় বোরহানের লাশ গ্রামের বাড়ি আনা হলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারেননি। আত্মীয়-স্বজন, সহপাটিসহ কয়েকশ' মানুষ বোরহানকে শেষবারের মতো দেখতে আলী খলিফার বাড়িতে ভিড় জমায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বোরহানের মামা আবদুল হামিদ রতন জানান, তিন ভাইয়ের মধ্যে বোরহান ছিলেন দ্বিতীয়। বাবা কামাল পাশাও পুলিশ বিভাগে চাকরি করতেন। ১৬ বছর আগে তিনি মারা যান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০০ সালের ১৪ মার্চ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন বোরহান উদ্দিন। গত বছর পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হন। এরপর তিনি প্রথমে চট্টগ্রামের ফটিকছড়ি এবং পরে মিরসরাই থানায় যোগ দেন। রতন বলেন, "আমার বোন পিতৃহারা তিন সন্তানকে তিলতিল বড় করেছেন। বাবার মতো পুলিশে চাকরির প্রতি বেশি ঝোঁক ছিলো বোরহানের। আর তাই দায়িত্বরত অবস্থায়ই তার মৃত্যু হলো।" বোরহানের প্রতিবেশী আনোয়ারুল আজিম বলেন, "বোরহান খুবই মিশুক প্রকৃতির ছেলে ছিলো। ভালো আচরণের জন্য এলাকার সবাই তাকে খুব পছন্দ করতো। সে ভালো ফুটবল খেলোয়াড়ও ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.