মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করবেন প্রধান নির্বাচন কমিশনার।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) দৃঢ় অবস্থান স্থায়ী রূপ দিতে এই প্রথমবারের মতো পঞ্চবার্ষিক কৌশলত পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাঁচটি লক্ষ্য সামনে রেখে প্রস্তাবিত ২০১১-১৬ সালের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ইসি। এরই মধ্যে ১০ম জাতীয় সংসদকে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে দুই বছর মেয়াদী বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে।
রোববার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রায় এক বছর ধরে এ বিষয়ে ইসি কাজ করে যাচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ কৌশলপত্র তৈরিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা খসড়া কৌশলগত পরিকল্পনা'র ধারণাপত্র তুলে ধরবেন।
এতে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ছহুল হোসাইন, টিআইবি'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, পিপিআরসি'র হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক দিলারা হোসনসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন।
'সবার মত নিয়ে কৌশলপত্র চূড়ান্ত হবে'
ছহুল হোসাইন জানান, পাঁচ বছর মেয়াদি এ খসড়া কৌশলপত্র নিয়ে প্রাথমিকভাবে দাতা সংস্থা, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অন্যদের নিয়ে আলোচনা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল, বিশিষ্ট জন ও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কৌশলপত্র তৈরি করা হবে।
নবম জাতীয় সংসদের অভিজ্ঞতা তুলে ধরে নতুন পরিকল্পনার যৌক্তিকতা বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট রূপকল্প (রোডম্যাপ) মেনে কাজ করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান কমিশনও দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী সংস্কৃতিতে কিছু সংস্কার এনেছে।
"ইসির বর্তমান কার্যক্রমের ধারাকে আগামী দিনে অব্যাহত রাখতে সবার মত নিয়ে এ কৌশলপত্র চূড়ান্ত করা হবে।"
"আগামীতে ইসির কার্যক্রমকে আরো শক্তিশালী ও স্থায়ী রূপ দিতে আমরা পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পা নিয়েছি। এটি নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক সংস্কৃতির গুণগত মান বাড়াতে সহায়তা করবে।"
পাঁচ লক্ষ্য ও উদ্দেশ্য
পঞ্চবার্ষিক কৌশল পরিকল্পনার মূল পাঁচ লক্ষ্য হলো- নির্বাচন কমিশনের বিদ্যমান দৃঢ় আস্থা ও স্বাধীন ইসির স্থায়ী ভিত্তি তৈরি করা; সঠিক ভোটার তালিকা সংরক্ষণ; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান; দায়িত্ব পালনে নির্বাচন সংশ্লিষ্টদের সক্ষমতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির মান বাড়ানো।
একইসঙ্গে ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে (২০১৪) অগ্রাধিকার দিয়ে আগামী দুই বছরে কিছু কার্যক্রম বাস্তবায়নে হাত দেবে ইসি।
এ বিষয়ে ছহুল হোসাইন জানান, নতুন এ রোডম্যাপে নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন সংলাপ আয়োজন করে সুসম্পর্কের ধারা অব্যাহত রাখা, আগামী নির্বাচনে বড় পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার, ভোটারদের সচেতন করে তুলতে ইসির পক্ষ থেকে প্রচারণামূলক কার্যক্রম, স্বাধীন নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের স্বাধীনতা নিশ্চিতকরণে সবার অংশগ্রহণসহ আনুষঙ্গিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
"রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন সংলাপের মধ্য দিয়ে সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পথ নির্দেশনাই নতুন কৌশলপত্রে তুলে ধরা হয়েছে।"
বহুল আলোচিত গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ফেব্র"য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসি গঠিত হয়। ওই বছরই তারা ২০০৮ সালের মধ্যে নবম সংসদ নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপ অনুযায়ী সবার কাছে গ্রহণযোগ্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ করে ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন করে।
বর্তমান ইসির মেয়াদ ২০১২ সালের ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৪ ঘ.
bdnews24