২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

রংপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার শাহাদত হোসেন শনিবার রাতে কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের সময় তিনি ঘুষ নেওয়া সংক্রান্তকথপোকথনের একটি সিডিও থানায় জমা দেওয়া হয়। তবে নির্বাহী প্রকৌশলী অভিযোগ অস্বীকার করেছেন। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বাদী মেসার্স জেবিআরএইচ এন্ড এসবি ও মেসার্স রহমান ট্রেডার্স'র নামে পানি উন্নয়ন বোর্ডে ঠিকাদারী ব্যবসা করে আসছেন। তিনি পাউবোর অধীন নীলফামারীর জলঢাকা উপজেলায় দু'টি কাজ পান। এরমধ্যে একটির শতভাগ এবং অপরটির ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। এরপর আসামির কাছে বাদী কাজের অগ্রগতি রিপোর্ট দিয়ে বাকি কাজ সম্পন্ন করার জন্য বিল দাখিল করেন। এ সময় বাদীর ব্যাবসায়িক অংশীদার মো. ফিরোজ কাওছার মামুনের কাছে আসামি ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে পাউবো'র আলমনগরের কার্যালয়ে গিয়ে আসমিকে ৩০ হাজার টাকা দেন মামুন। টাকা দেওয়া নিয়ে আসামির সঙ্গে মামুনের টেলিফোনে বেশ কয়েকবার কথা হয়। এ কথপোকথন তিনি রেকর্ড করে রাখেন। কোতয়ালি থানার ওসি হায়দার আলী বলেন, দণ্ডবিধির ১৬১ এবং দুধক আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে। তাই মামলার এজাহার পুলিশ সুপারের মাধ্যমে দুদক অফিসে পাঠিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে রংপুরে দুদক কর্মকর্তা খায়রুল হুদা বলেন, পুলিশ দুদক আইনের মামলা নিতে পারে, কিন্তু তদন্ত করতে পারবে না। ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহার তাদের কাছে পাঠাতে হবে। তারা তদন্ত করে পদক্ষেপ নেবেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা দায়ের করার খবরটি তিনি শুনেছেন। তিনি বলেন, গত বুধবার তাকে হত্যার উদ্দেশ্যে রাম দা দিয়ে কোপ দেওয়ার ঘটনায় তিনি মামলা দায়ের করায় এই মিথ্যা অভিযোগ আনা হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহিদুল ইসলাম অফিসের গাড়ি করে বের হওয়ার সময় ফটকের কাছে আপেল, মামুন, যাদুসহ কয়েকজন তার গাড়ি থামায়। এ সময় শহিদুল ইসলাম গাড়ির জানালা খুলে কথা বলতে চাইলে মামুন একটি রাম দা দিয়ে কোপ দেয়। তিনি মাথা সরিয়ে নিলে দায়ের আঘাত গাড়িতে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.