২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি স্কুলনিয়মিত গভর্নিং বডিই শিক্ষক নিয়োগ দেবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে নিয়মিত গভর্নিং বডিই শিক্ষক নিয়োগ দেবে। কোনো এডহক বা বিশেষ ধরণের কমিটি শিক্ষক নিয়োগ দিতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে নিয়মিত গভর্নিং বডিই শিক্ষক নিয়োগ দেবে। কোনো এডহক বা বিশেষ ধরণের কমিটি শিক্ষক নিয়োগ দিতে পারবে না। শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১২ এপ্রিল জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশে বর্তমানে প্রায় ২৫ হাজারের বেশি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি সংক্রান্ত প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী এডহক কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি স্পষ্ট ছিলো না। প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুধু নিয়মিত গভর্নিং বডির শিক্ষক নিয়োগের ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটির মেয়াদ ছয় মাস এবং নিয়মিত কমিটির মেয়াদ দুই বছর। রাজধানীতে বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির মাধ্যমে অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে। এর মধ্যে ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজও রয়েছে। মতিঝিল মডেল আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন হয় না ১০ বছর। ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় এক বছর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগে নানা ধরণের দুর্নীতির অভিযোগ আছে। এ প্রজ্ঞাপনের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত কমিটি করার জন্য নির্বাচন করবে। ফলে নিয়মিত কমিটি স্কুল পরিচালনায় অংশ নেবে। চট্টগ্রামের জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা জানান, তারা এ প্রজ্ঞাপন এখনো পাননি। সিলেট বোর্ডের স্কুল পরিদর্শক আব্দুল মান্নানও জানিয়েছে, এখনো তারা এ প্রজ্ঞাপন পাননি। তবে টাঙ্গাইল জেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক জানান, ১২ এপ্রিলই তারা এ প্রজ্ঞাপন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/এমইউএস/পিডি/২০৫৭ ঘ.