২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩

খাগড়াছড়ির রামগড়ে রোববার পাহাড়ি ও বাঙালি বসতিস্থাপনকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড়ে রোববার পাহাড়ি ও বাঙালি বসতিস্থাপনকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিদখল নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তিনজন নিহতের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে ফোনে নিশ্চিত করেন খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর আফসার। রামগড় ও মানিকছড়িতে ১৪৪ ধারা জারি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকার কথা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনিসুল হক। মঞ্জুর আফসার জানান, নিহতরা হলেন- আইয়ুব আলী (৩৮), নবাব আলী (৬০) ও সুনীল চন্দ্র সরকার (৩০)। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তে রাতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আইয়ুব আলীর বাড়ি মানিকছড়ি ও জালিয়াপাড়ার মাঝামাঝি এলাকায়। রামগড় উপজেলার বড়পিলাকের ছনখোলা ও রিয়ংম্রং এলাকায় রোববার সকাল ১২টার পর এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ৬০টি বাড়িঘর পোড়ানো হয়। ছনখোলা পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত একজন জানান, সকালে জালিয়াপাড়ার বড় পিলাক থেকে ৩০ জন বাঙালি শণখোলাপাড়ায় গিয়ে পাহাড়িদের জমিতে জঙ্গল পরিষ্কার করে কলা চারা রোপন করছিল। এতে স্থানীয় মারমারা বাধা দিলে বাঙালিরা তাদের ওপর হামলা চালায়। হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাথোয়াই মারমা জানান, তইকর্মা, সিকা, ছনখোলা, রিয়ংম্রংসহ আরো কয়েকটি এলাকায় আদিবাসীদের ৬০টির বেশি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জেলা প্রশাসক আনিসুল হক বলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- খাগড়াছড়ি সার্কেল এএসপি মাহফুজুল আলম এবং খাগড়াছড়ির ইউএনও রাহেদ হোসেন। এদিকে ইউপিডিএফ'র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৪ এপ্রিল বৈসাবি উৎসবের সুযোগে বাঙালিরা জায়গাটি দখল করতে গিয়েছিল। ওই সময় বিষয়টি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাগড়াছড়ি পুলিশ সুপারকে জানানো হয়েছিল। স্থানীয় আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ১২টার দিকে রামগড়ের হাফছড়ি ইউনিয়নের ছনখোলা এলাকায় বাঙালিরা তাদের জমিতে কাজ করার সময় কিছু পাহাড়ি তাদের বাধা দেয়। "এতে সংঘর্ষে আইয়ুব আলী ঘটনাস্থলে মারা যান।" পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, আদিবাসীদের ভূমি দখল করে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমইউএস/ডিডি/পিডি/২৩০৭ ঘ.