বরিশাল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষের উপর এই হামলা চালায় বলে আহতরা দাবি করেছেন। তবে পরাজিত প্রার্থীর সমর্থকরা হামলার কথা অস্বীকার করেছে।
শনিবার রাত ১০টার দিকে গুয়াবড়ীয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলায় আহত হিজলা জাতীয় পার্টির সাবেক সভাপতি লিটন দপ্তরী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালাত মাহমুদ নিপু সিকদার গুয়াবাড়ীয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।
এতে ক্ষুব্ধ হয়ে তার ভাই আলতাফ মাহমুদ দিপু সিকদার, রিয়াজ সিকদার, রাসেল সিকদারসহ একদল যুবক শনিবার বিকালে স্থানীয় শ্রমিক লীগ নেতা সেলিম তালুকদারকে মারধর করে। ওই যুবকরা পরে সেলিমের ভাইপো খোকন তালুকদারকেও মারধর করে।
নিপু সিকদার হিজলা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ টিপু সিকদারের ভাই।
লিটন দপ্তরী জানান, রাত ১০টার দিকে ওই যুবকরা হামলা চালিয়ে তাকে ও জাতীয় পার্টির নেতা কাজী শাহাবুদ্দিনকে আহত করে। এসময় যুবকরা তার দোকানে লুটপাট চালায়।
গুয়াবাড়িয়া ইউপি নির্বাচন ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত ঢালী।
উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু তার ভাইদের হামলা চালানোর কথা অস্বীকার করে বলেন, "লিটন বাজারে চুরি করতে যায়। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়।"
এ ব্যাপারে হিজলা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের মোবাইল টেলিফোনে ফোন করা হলে তিনি ফোন ধরেন কিন্তু 'রং নম্বর' বলে সংযোগ কেটে দেন।
ওসির সরকারি মোবাইল টেলিফোন নম্বরে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৩ ঘ.
bdnews24