মৌলভীবাজার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বৈশাখী মেলায় একজনের মৃত্যু নিয়ে স্বজন ও পুলিশ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে।
শেখ রাসেল জাতীয় উদ্যানে তিনদিনব্যাপী এই মেলা শনিবার রাতে শেষ হয়েছে।
ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মেলায় নিহত হন আলতাফ মিয়া (৩৬) নামে এক কাঠ মিস্ত্রি। তিনি শ্রীমঙ্গলের রামনগর গ্রামের বাসিন্দা।
তার পরিবারের দাবি, পুলিশের লাঠিপেটায় তার মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
আলতাফের ছোট বোনের শ্বশুর আব্দুল মান্নান সাংবাদিকের জানান, মেলায় ভিড় সামলাতে পুলিশ লাঠিপেটা করলে পালানোর সময় আলতাফ পড়ে গিয়ে আহত হয়ে মারা যান।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মাঠে নাগরদোলায় চড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আলতাফ পড়ে যান। এতে তিনি নাকের উপরিভাগে প্রচণ্ড আঘাত পান।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রীর বড়ভাই শাহজাহান আহমদ শনিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন, বলেন এসআই জাহাঙ্গীর।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার অন্তত আধঘণ্টা আগে আলতাফের মৃত্যু হয়েছে।
"নিহতের নাকের উপরিভাগে আঘাতের চিহ্ন পাওয়া গেছে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24