খুলনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু নির্যাতন বন্ধে রোববার সকালে খুলনা শহরে মানববন্ধন করেছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ হয়।
১২ এপ্রিল খুলনা সদর থানায় চুরির অভিযোগে শিশু বেলালকে (৯) চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে তার হাতের তালুতে
ইলেক্ট্রিক শক দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান ওসির কক্ষে বেলালকে নির্যাতন করেন।
শিশু বেলাল বর্তমানে খুলনার একটি এনজিও'র শেল্টার সেন্টারে রয়েছে। এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধনের আয়োজন করা হয়।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী মোমিনুল ইসলাম, মানবসেবা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু ও প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর রায়, কিংবদন্তী আবৃত্তি পরিষদের সভাপতি সুবর্ণা আরফিন, অপরাজেয় বাংলাদেশের শিশু উন্নয়ন ব্যবস্থাপক মাহবুব আলম প্রিন্স, শিশু ইমতিয়াজ হোসেন রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা, শিশু নির্যাতন বন্ধ ও এসআই মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24