২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের মতিভ্রম হয়েছে: আমীর খসরু

তারেক ও কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের মতিভ্রম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক ও কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের মতিভ্রম হয়েছে। শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি খসরু বলেন, "এ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার ষড়যন্ত্র সরকার পতনেরই লক্ষণ।" দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেয় বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে তারেক ও কোকোর মুদ্রা পাচার মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন বলে মন্ত্রিসভার বিভিন্ন সদস্যকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ হয়। সরকার প্রতিটি ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছে দাবি করে খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খসরু বলেন, দেশের কোনো শ্রেণীর মানুষই সুখে নেই। জনগণের কথা চিন্তা না করে জিয়া পরিবারকে ধ্বংস ও ছোট করার রাজনীতিই করছে বর্তমান সরকার। নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, কাজী বেলাল, মোশাররফ হোসেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক ঘুরে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। সভা শেষে ২৪ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারক লিপি দেওয়ার ঘোষণা দেন আমীর খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/এমআই/১৯৪০ ঘ.