২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ইএনও-ওসি'র বাগযুদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী মেলায় দায়িত্ব পালনের সময় শুক্রবার ইউএনও ও ওসির মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী মেলায় দায়িত্ব পালনের সময় শুক্রবার ইউএনও ও ওসির মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শনিবার জেলা প্রশাসকের কাছে ওসির বিরুদ্ধে অসহযোগিতা ও হুমকির অভিযোগ করেন। উল্লাপাড়ায় পৌর এলাকার ঘাটিনা বটতলায় চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। ইউএনও অতুল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলা প্রশাসনের লোকজন নিয়ে তিনি বৈশাখী মেলায় জুয়া ও হাউজি'র বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। ওই সময় তিনি উল্লাপাড়া থানায় ফোন করে পুলিশ চাইলে একঘণ্টা পরও পুলিশ না আসায় বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান, ইউএনও অভিযোগ করেন। তিনি বলেন, পরে পুলিশ এলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর তিনি মেলার মঞ্চে উঠে পুলিশের অসহযোগিতা, ঘুষ বাণিজ্য এবং জুয়া খেলার কুফল সম্পর্কে বক্তব্য দিলে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা ক্ষিপ্ত হয়ে তাকে (ইউএনও) দেখে নেওয়ার হুমকি দেন। তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এ ব্যাপারে ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএনও পুলিশ চেয়ে ফোন করলে পোশাক পরতে সময় লাগার কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। পুলিশের উপ-পরিদর্শক আব্বাস ফোর্স নিয়ে মেলায় পৌঁছামাত্র ইউএনও তাকে বকাঝকা করেন। পরে ওসি তাজুল হুদা ঘটনাস্থলে গেলে জনতার সামনে পুলিশ সম্পর্কে ইউএনও বিব্রতকর কথাবার্তা বলেন। এ নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে ইউএনওকে হুমকি দেওয়ার কথা তিনি অস্বীকার করেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। বাংলা বর্ষবরণ উপলক্ষে উল্লাপাড়া পৌর শহরের চরঘাটিনা বটমূলে স্থানীয় যুব উন্নয়ন সংঘ ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.