২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১২ ঘণ্টায় দুজনকে অপহরণ

হোটেলকর্মী অপহৃতের ১২ ঘণ্টার মধ্যেই বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এদিকে হোটেলকর্মী অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বান্দরবান, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোটেলকর্মী অপহৃতের ১২ ঘণ্টার মধ্যেই বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এদিকে হোটেলকর্মী অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। শনিবার প্রথম প্রহর থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে। রাতে অপহৃত বেসরকারি পর্যটন রিসোর্ট সাকুরার সুপারভাইজার ওমর ফারুককে (৩২) উদ্ধারে তৎপরতা চলছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে সাকুরা কর্তৃপক্ষ জানিয়েছে, অপহরণকারীরা ফারুকের মুক্তির বিনিময়ে ৫০ লাখ টাকা চেয়েছে। অপহৃত অন্যজন হলেন কাঠ ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মাস্টার (৪৫)। সকাল সাড়ে ১১টার দিকে তাকে সদর উপজেলার জামছড়ি এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। পর্যটন রিসোর্ট সাকুরার অবস্থান জেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে বান্দরবান-চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকায়। সেখানে আরো একটি বেসরকারি পর্যটন হোটেল হিলসাইড রিসোর্ট রয়েছে। হিলসাইড রিসোর্টের পাশেই পুলিশের একটি ফাঁড়ি রয়েছে। রিসোর্ট সাকুরার ব্যবস্থাপনা পরিচালক মুসা কলিমুল্লাহ কিসলু দুপুরে সাংবাদিকদের বলেন, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা চেয়েছে। এর আগে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাত ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা হোটেলে ঢুকে ফারুককে তুলে নিয়ে যায়। ফারুকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শীলঘাটা এলাকায়। ফারুক অপহরণের বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. কামরুল আহসান সাংবাদিকদের বলেন, "তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। সম্ভাব্য অপহরণকারীদের চিহ্নিত করে তাদের অবস্থানের স্থানগুলোতে অভিযান চলছে।" তবে পুলিশের সন্দেহ কাদের ওপর, সে বিষয়ে এখনি কিছু বলতে রাজি হননি তিনি। কাঠ ব্যবসায়ী দেলোয়ার অপহরণের খবরটি দিয়েছেন বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ। তিনি সাংবাদিকদের বলেন, তার ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার প্রতিদিনের মতো শনিবার সকালেও জামছড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে যান। ওই সময় সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অজিত বলেন, "অপহরণকারীরা পরে আরেক ব্যবসায়ী মোহাম্মদ ফোরকানকে টেলিফোন করে বলেছে, আমরা দেলোয়ার মাস্টারের কাছ থেকে টাকা পাই। টাকা নিয়ে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।" পুলিশ বলছে, দেলোয়ার অপহরণের ঘটনাটিও খতিয়ে দেখছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.