চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি চাল নিয়ে ডুবে যাওয়া জাহাজে লুটের সময় সাত জলদস্যুকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী-কোস্টগার্ড।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ধাওয়া করে বঙ্গোপসাগরের পতেঙ্গা জেলেপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তর কোরিয়ার পতাকাবাহী হায়াং রো বং জাহাজটি গত ৬ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে ভেড়ার সময় অন্য একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। জাহাজটি ১৩ হাজার ৪৯২ টন চাল রয়েছে।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে ডুবে থাকা জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় এজেন্ট ডাকাতির খবর দিয়ে কোস্টগার্ড অভিযানে নামে।
"কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে জলদস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে পতেঙ্গা জেলেপাড়া উপকূল থেকে লুটের মালসহ তাদের আটক করা হয়", বলেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সবুর খান (৪৩), সোহাগ ব্যাপারী (২২), মো. সুমন (১৫), মো. সোহাগ (১৪), আনোয়ার হোসেন মোল্লা, মোহিতুল ইসলাম (২৫) ও মো. খোকন (২৩)।
ডুবে যাওয়া জাহাজের অগ্নি নির্বাপণ যন্ত্র, তেলের ড্রাম ও লোহা লক্কর বোঝাই একটি বোট আটক করা হয় বলে কোস্টগার্ড জানায়।
গ্রেপ্তার সাত জনকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৫০৩ ঘ.
bdnews24