চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন ভাড়ার হিসাব সংযোজনের (ক্যালিব্রেশন) কাজ শেষ না হওয়ায় বন্দর নগরীতে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল নয় দিন পিছিয়ে গেছে।
শনিবার থেকে মহানগরে চলাচলকারী ১৩ হাজার সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিলো চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
কিন্তু মিটার সংশোধনের কাজে নিয়োজিত পাঁচ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ক্যালিব্রেশন শেষ করতে পারেনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সব অটোরিকশায় ক্যালিব্রেশন শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।
২৪ এপ্রিলের মধ্যে নতুন ভাড়া সংযোজনের কাজ শেষ করতে মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান, চালক ও মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ফারুক বলেন, আশা করি ২৫ এপ্রিল থেকে নতুন নির্ধারিত ভাড়ায় মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা সম্ভব হবে।
মহানগরে চলাচলকারী অটো রিকশায় নতুন ভাড়া ও মিটার সংযোজনের শেষ সময় ছিলো ৯ এপ্রিল। এরপর ১০ এপ্রিল থেকে ক্যালব্রিশেনবিহীন মিটারযুক্ত ও মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে পাঁচ দিনের বিশেষ অভিযান শুরু হয়।
১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অভিযানে মোট দেড় হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা হয়।
ফারুক জানান, রোববার সকাল থেকে আবারো নতুন ভাড়া সংযোজন বিহীন ও সংস্কারের জন্য মিটার জমা দেয়া হয়নি- এমন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আবারো অভিযান শুরু করবে ট্রাফিক বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24