২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি.বাড়িয়ায় গ্রামবাসীদের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

পহেলা বৈশাখের মেলায় এক মেয়েকে উত্যক্ত করার জের ধরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার ছয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখের মেলায় এক মেয়েকে উত্যক্ত করার জের ধরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার ছয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহত মো. আলাউদ্দিন বাঞ্ছারামপুর থানার ওসি। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের নবীনগর, বাঞ্ছারামপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মেলায় শুক্রবার এক মেয়েকে নবীনগর উপজেলার এক যুবক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, এ ঘটনার জের ধরে শনিবার সকালে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা, মুক্তারামপুর ও বাড়াইল গ্রাম এবং বাঞ্ছারামপুর উপজেলার আগানগর, জয়কালীপুর ও জয়নগর গ্রামের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গ্রামবাসীদের নিক্ষেপ করা ইট-পাটকেলে আহত হন ওসি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩১৯ ঘ.