রিপন চন্দ্র মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাদারীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আল্লাহ আমাগো এইবার কপালডা বুঝি পোড়াইয়া দিতাছে। পাটের বীজ বুনছি পনের দিন অইয়া গ্যালো, তয় এ্যাহনো পর্যন্ত আকাশে কোনো ম্যাঘ নাই, কোনো বৃষ্টি-বাদলের খবর নাই। তাই ঠেকায় পইরা বিঘা প্রতি হাজার ট্যাকায় সেচ দিয়া ক্ষ্যাতে পানি ঢালতেছি।"
বৃষ্টি না হওয়ার এই হতাশা মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পাটচাষি আবদুল ওহাব চোকদারের (৬৫)।
"এনজিও-আলাগো থাইক্ক্যা সুদে ঋণ আইন্যা এইবার পাটের বীজ বুনছি। এ্যাখন দেখতাছি পানির অভাবে পাটই আমাগো গলার রশি অইয়া যাইবো", গত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন তিনি।
ওহাবের এই কথায় সায় দেন ওই গ্রামেরই পাটচাষি মজিবর চোকদার (৬০)। মজিবর ৪ বিঘা জমিতে পাট চাষ করেছেন। ওহাবের পাটের জমি ১২ বিঘা।
কৃষক বলছে, বৃষ্টির অভাবে এবার পাটের জমি রুক্ষ হয়ে আছে। বীজ শীষ ছাড়ছে না। ক্ষেত বাঁচাতে বাধ্য হয়ে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা বিঘাপ্রতি সেচ দিতে হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভরা মৌসুমেও বৃষ্টি হচ্ছে না।
রাজৈর উপজেলার আমগ্রামের অনিল কৃষ্ণ মণ্ডল (৪৫) বলেন, "ভাই এ্যাহন আর আগের মতো মাসের দিন-তারিখ মিল রাইখ্যা ঋতু আসে না। আগে এইকাল দিনে রোজই বৃষ্টি হইতো। মাটি নরম ও ভেজা থাকতো। পাট নিয়ে আমাদের কোনো দুচিন্তা থাকতো না। এ্যাহন আর সেই দিন নাইক্যা।"
দেশের শতকরা ৮০ ভাগ পাট চাষ হয় বৃহত্তর ফরিদপুর অঞ্চলে। যার মধ্যে মাদারীপুর অন্যতম। এই জেলার এ বছর চার উপজেলায় ২৩ হাজার ৮১৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
মাদারীপুর কৃষি স
bdnews24