বান্দরবান, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে শনিবার প্রথম প্রহরে এক হোটেল কর্মচারী অপহৃত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপহৃত ব্যক্তি হলেন বান্দরবান-চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকার হোটেল সাকুরা রিসোর্ট'র সুপারভাইজার ওমর ফারুক (৩২)।
রাত ১২টার দিকে সাকুরা রিসোর্ট থেকে তাকে অপহরণ করা হয় বলে বান্দরবান সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী জানান।
তিনি সাংবাদিকদের বলেন, অপহরণের বিষয়ে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ কোনো সাধারণ ডায়েরি বা মামলা না করলেও পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাকুরার এক কর্মচারী জানান, এর আগে সন্ত্রাসীরা সাকুরার মালিক পক্ষের কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না পাওয়ায় শুক্রবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে প্রথমে মালিক পরে ম্যানেজারের খোঁজ করে। তাদের কাউকে না পেয়ে ফারুককে তুলে নিয়ে যায়।
জেলা প্রশাসক মিজানুর রহমান হোটেল সুপারভাইজার অপহরণের বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে ২০০৪ সালে একই এলাকার অপর পর্যটন হোটেল হিলসাইড রিসোর্ট মিলনছড়ি থেকে ম্যানেজার বাবলুকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ৩৯ দিন পরে তাকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১২০ ঘ.
bdnews24