২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল নির্যাতনের মামলার এক আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বাউলদের চুল-গোঁফ কেটে দেওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী সুপার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 04:18 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

রাজবাড়ী, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় বাউলদের চুল-গোঁফ কেটে দেওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম স্থানীয় চরপাড়া হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসার সহকারী সুপার। শনিবার প্রথম প্রহরে চৌবাড়িয়া চরপাড়া গ্রামে নিজের বাড়িতে রিয়াজুল (৪০) গ্রেপ্তার হন বলে পুলিশ জানিয়েছে। অনৈসলামিক কাজে অজুহাত তুলে চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও গোঁফ গত ৫ এপ্রিল কেটে দেয় স্থানীয় এক দল লোক। এ ঘটনায় ৯ এপ্রিল নির্যাতিত বাউল মোহাম্মদ ফকীর বাদি হয়ে পাংশা থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আসামিদের মধ্যে রিয়াজ অন্যতম। পাংশা থানার ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা ঘটিয়ে পালিয়ে ছিলো রিয়াজুল। শুক্রবার বাড়ি ফেরার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।" অন্য আসামিদের গ্রেপ্তার করতেও পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। বাউলদের ওপর এ নির্যাত নিয়ে সারাদেশে ক্ষোভ-বিক্ষোভ চলছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনগুলো পালন করছে নানা কর্মসূচি। এবারের বর্ষবরণের উৎসবেও বাউল নির্যাতনের প্রতিবাদ এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.