রংপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল্লার উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ফটকে দুর্বৃৃত্তরা তাকে রাম দা দিয়ে কোপ দেয়। কিন্তু তিনি সরে যাওয়ায় কোপটি পড়ে তার গাড়িতে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
প্রকৌশলী মো. শহিদুল্লা'র বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে আপেল নামের এক তরুণসহ কয়েকজন তার অফিসে এসে একজন ঠিকাদারের কাজের আগাম বিল দেওয়ার জন্য চাপ দেয়।
তিনি কাজ শেষ হওয়ার আগে বিল দেওয়া যাবে না বলে জানালে তারা দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।
সন্ধ্যা ৬টার দিকে শহিদুল্লা অফিসের গাড়ি করে বের হওয়ার সময় ফটকের কাছে আপেল, মামুন, যাদুসহ কয়েকজন গাড়ি থামায়।
এ সময় শহিদুল্লা গাড়ির জানালা খুলে কথা বলতে চাইলে মামুন একটি রাম দা দিয়ে কোপ দেয়। শহিদুল্লাহ মাথা সরিয়ে নিলে দায়ের আঘাত গাড়িতে পড়ে।
সেখান থেকে তিনি সরাসরি কোতয়ালি থানায় গিয়ে মামলা করেন।
কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই চন্দন কুমার জানান, রাম দায়ের আঘাতটি নির্বাহী প্রকৌশলীর শরীরে লাগলে তার মৃত্যু হতে পারতো। আঘাত গাড়ির জানালার কাছে লেগেছে।
তিনি গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা করে নির্বাহী প্রকৌশলীর জিম্মায় দিয়ে দিয়েছেন।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24