শেরপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মো. আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। তাই ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে।
শুক্রবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান আতিক সম্পাদিত সাপ্তাহিক কালের ডাক পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "বর্তমান সরকার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ১৪টি কমিউনিটি রেডিও এবং ৩টি এফএনএফ রেডিও অনুমোদন দিয়েছে। যাতে মানুষ সঠিক সময়ে সঠিক তথ্য পায়।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এ বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।"
সাপ্তাহিক কালের ডাক পত্রিকাটি প্রতি সোমবার শেরপুর থেকে প্রকাশিত হবে এবং তা অনলাইনে দেখা যাবে।
এসময় আরো বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবির রোমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯১১ ঘ.
bdnews24