নোয়াখালী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগ উপজেলায় তিন ছেলের মারধরে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কাবিলপুর ইউনিয়নের লালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় নিহত হন আবদুল মান্নান (৬৫)।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আবদুল মান্নানের দুই ছেলে আবুল হোসেন হাসেম (২৮) ও আবু সাঈদ সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় মান্নানের দ্বিতীয় স্ত্রী রৌশন আরা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন ছেলে ও এক মেয়ে রেখে প্রথম স্ত্রী মারা গেলে আবদুল মান্নান চট্টগ্রাম গিয়ে আবার বিয়ে করেন। কিন্তু আগের স্ত্রীর সন্তানরা বাড়ি থেকে যান।
সম্পত্তি বন্টনের সালিশ বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। বৈঠকে সম্পত্তির ভাগাভাগি নিয়ে ছেলেদের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় তিনি ছেলেদের বিরুদ্ধে থানায় মামলা করার হুমকি দেন।
রাত ৮টার দিকে মান্নান বাড়ি থেকে সেনবাগ থানায় যাওয়ার পথে বাবুপুর গ্রামের পাকা রাস্তার মাথায় পৌঁছলে তিন ছেলে আবুল হোসেন হাসেম, আবু সাঈদ সুমন ও আলাউদ্দিন সুজন তাকে মারধর করে গুরুতর আহত করেন।
সেনবাগ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
সেনবাগ থানা ওসি নজিবুল ইসলাম বলেন, মান্নানের দ্বিতীয় স্ত্রী রৌশন আরা বাদী হয়ে মান্নানের তিন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
রাতেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২০ ঘ.
bdnews24