মৌলভীবাজার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নতুন বর্ষবরণ উপলক্ষে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যাণে বন্যপ্রাণী ছেড়ে দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ দেব নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী এ আয়োজন করেন।
এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি অজগর সাপ, একটি লজ্জাবতি বানর, দুটি গন্ধ গোকুল ও একটি নিশি বক।
শুক্রবার সকাল ১১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যাণের গহীন জঙ্গলে এই প্রাণীগুলো ছেড়ে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মো. আতিউর রহমান। এ ছাড়াও তিনি একটি ফলদ বৃক্ষ রোপন করেন।
সীতেশ রঞ্জন দেব জানান, এই বন্যপ্রাণীগুলো লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় লোকালয়ে বেরিয়ে আসে এবং মানুষের হাতে ধরা পড়ে। কোন কোন প্রাণী মানুষের হাতে আহতও হয়।
তিনি এ প্রাণীগুলোকে উদ্ধার করে তার ব্যক্তিগত মিনি চিড়িয়িাখানায় রেখে সেবা শুশ্র"সা করে সুস্থ্য করে তোলেন।
এক প্রতিক্রিয়ায় সিতেশ দেবের ছেলে মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলা নববর্ষকে বরন করে নিতে ও স্মরনীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছি। এরকম একটি দিনে প্রাণীগুলোকে তাদের আপন ঠিকানায় ফিরিয়ে দিতে পেরে গর্ববোধ করছি।"
প্রাণীগুলোকে বনে ছেড়ে দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৩ ঘ.
bdnews24