মৌলভীবাজার, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক স্কুল ছাত্রের ছুরিতে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের দুই নম্বর পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে এনামুল হক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত পুলক পাল (২২) শ্রীমঙ্গল সরকারী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেল। তার বাবার নাম প্রসন্ন পাল। বাসা, শ্রীমঙ্গল শহরের সন্ধানী আবাসিক এলাকায়।
গ্রেপ্তারকৃত এনামুল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাসা শহরের সুরভীপাড়ায়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর জানান, কথা কাটাকাটির জের ধরে এনামুল ও তার বন্ধু অপু বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের স্কুলের ছাত্র সন্ধানী আবাসিক এলাকার রাজু সুত্রধরকে পেটায়।
পাড়ার ছেলেকে মারধর করায় পুলক পরে তাদের সঙ্গে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে আবারো বাকবিতণ্ডা হয়। বিষয়টি হাতাহাতিতে গড়ালে এক পর্যায়ে পুলক ছুরিবিদ্ধ হয়।
স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় পুলককে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই জাহাঙ্গীর জানান, নিহতের বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/০১৫৪ ঘ.
bdnews24