ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো দুঃখ-জরা ভুলে ১৪১৮ বঙ্গাব্দের প্রথম দিনটি উৎসব আর আনন্দের মাঝেই বরণ করে নিয়েছে বাংলার মানুষ। তবে পরদিন শুক্রবার হওয়ায় বৈশাখী উৎসবের রেশ রয়ে গেছে রাজধানীর পথেঘাটে।
শুক্রবার রাজধানীর রাস্তাঘাট এমনিতেই তুলনামূলক ফাঁকা থাকে। বৈশাখের দ্বিতীয় দিনে তা যেনো আরো খাঁ খাঁ করছে। আর যারা বের হয়েছেন, তাদের অধিকাংশই আছেন উৎসবের আমেজে। এদের অনেকেই জীবন ও জীবিকার প্রয়োজনে নববর্ষের উৎসবে শামিল হতে পারেননি। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে শুক্রবার বের হয়েছেন বৈশাখ উদযাপনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (বৃহস্পতিবার) সারাদিন বন্ধুরা একসঙ্গে ছিলাম। অনেক আনন্দ হয়েছে। আজ শুক্রবার বিকালের আগে বের হবো না।"
তবে পূর্ব রামপুরার দম্পতি আকলিমা বেগম ও বাবুল হাওলাদার ছুটির দিনটা ঘরে বসে নষ্ট করতে চাননি। শুক্রবার সকালেই তারা চলে আসেন বাংলা একাডেমী প্রাঙ্গণে।
আকলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নববর্ষ উপলক্ষে গতকাল বাসায় আত্মীয়-স্বজন এসেছিলো। তাই বের হতে পারিনি। আজ ক্যাম্পাসে ঘুরলাম। মেলা থেকে কিছু টুকটাক জিনিস কিনে বাসায় ফিরবো।"
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ও বাংলা একাডেমীর যৌথ আয়োজনে বাংলা একাডেমী প্রাঙ্গণে চলছে দশ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্পের মেলা।
সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া গেরো আরেক জুটিকে। নাজমার চাকরি পুলিশে। আর স্বপন কাজ করেন একটি বেসরকারি কোম্পানিতে।
"অফিসের কারণে কাল বের হতে পারিনি," বললেন নাজমা।
"আজ ছুটি নিয়ে বের হয়েছি। সারাদিন ঘুরবো।"
স্বপন বলেন, "আমাদের জন্য আজই পহেলা বৈশাখ। ভিড় কম থাকায় ভালোই লাগছে।"
অবশ্য অটোরিকশা চালক আইয়ুব উল্লাহর মন-মেজাজ অতোটা ফুরফুরে নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "টানা তিন দিন বন্ধ। অনেক মানুষ ছুটি পায়্যা ঢাকা থেইক্যা বাড়িত গেছে। আমাগোরও কাম-কাইজ কম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/জেকে/১৩১৮ ঘ.
bdnews24