চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) পরিধি বাড়ানোয় পাইকারি বাজারে চালের দাম কমেছে। কিন্তু এর প্রভাব নেই খুচরা বাজারে। ফলে ক্রেতাদের বেশি দামেই কিনতে হচ্ছে চাল।
নগরীর বৃহত্তম পাইকারি বাজার চাক্তাইয়ে দুদিন আগেও প্রতি কেজি বার্মা বেতি (আতপ) চাল ২৬ টাকায় বিক্রি হতে দেখা যায়। অথচ দুই কিলোমিটার দূরে রেয়াজুদ্দিন বাজারে তা বিক্রি হচ্ছিলো ৩৪ টাকায়।
চাক্তাই'র চালের আড়তদার 'মক্কা ট্র্রেডার্স'র মালিক মহিউদ্দিন আহমেদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) প্রভাবে পাইকারি বাজারে চালের দাম কমেছে। তবে খুচরা বিক্রেতারা এখনো দাম কমায়নি।
"গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে চালের দাম বাড়তে থাকলে খুচরা দোকানিরা মজুদ বাড়ায়। মজুদ করা এসব চালের বিক্রি এখনো শেষ না হওয়ায় দাম কমছে না", বলেন তিনি।
আড়তদার ও পাইকারি বিক্রেতারা বলেন, গত ১৫ দিনে পাইকারি বাজারে সুগন্ধি চাল ছাড়া প্রায় সব ধরনের চালের দাম কমেছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চালের বাজার ছিল ঊর্ধ্বমুখী।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এখনো দাম কমার কোনো প্রভাব নেই।
পাইকারি বাজারের সঙ্গে খুচরার দামের বেশ পার্থক্যের বিষয়টি স্বীকার করেছেন চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে দাম কমার অনেক পরে খুচরা দোকানিরা দাম কমায়। কিন্তু দাম বাড়লে দিন দিন বেড়েই যায়।"
অতিরিক্ত মুনাফার লোভে খুচরা দোকানিরা সহজে দাম কমায় না- এ দাবি করে আজম বলেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে প্রতি কেজিতে ১ টাকা পর্যন্ত পার্থক্য থাকতে পারে।
নগরীর কাজীর দেউড়ি বাজারের খুচরা দোকান 'খান ডিপার্টমেন্টাল স্টোর'র বিক্রয়কর্মী প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মিত বাজার তদারকি না থাকা এবং শৃঙ্খলার অভাবে খুচরা বাজারে দাম কমছে না।"
পাইকারি ও খুচরা- দুই বাজারে প্রতি কেজি বিভিন্ন মানের চালের দামে পার্থক্য দুই থেকে সর্বোচ্চ আট টাকা পর্যন্ত দেখা যায়।
চাক্তাই চালের আড়ত ঘুরে দেখা যায়, বার্মা বেতি প্রতি বস্তা (৫০ কেজি) বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। মার্চ মাসের শুরুর দিকে এ চাল বিক্রি হয়েছে ১৭০০ টাকায়।
পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) ভিয়েতনাম আতপ ১৩৫০ টাকা, পারি সিদ্ধ ১৮৫০ টাকা, মিনিকেট ২১৫০ টাকা, পাইজাম (সিদ্ধ) ২১০০ টাকা, পাকিস্তানি আতপ ১৫২০ টাকা, বালাম সিদ্ধ ১৬৫০ টাকা, কাটারি সিদ্ধ ২৭০০ টাকা, পাইজাম (আতপ) নতুন ২০০০ টাকা এবং পুরনো ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সে হিসেবে প্রতি কেজি চালের দাম হয়- বার্মা আতপ ২৬ টাকা, মিনিকেট ৪৩ টাকা, বালাম সিদ্ধ সাড়ে ৩৩ টাকা, পারি সিদ্ধ ৩৭ টাকা, পাইজাম সিদ্ধ ৪২ টাকা, পাইজাম আতপ (পুরনো) ৪৪ টাকা ও ভিয়েতনাম আতপ ২৭ টাকা।
কিন্তু রেয়াজুদ্দিন বাজারে খুচরা দোকানগুলোতে বার্মা আতপ চাল প্রতি কেজি ৩৪ টাকা, মিনিকেট ৪৫ টাকা, বালাম সিদ্ধ ৩৫ টাকা, পারি সিদ্ধ ৪০ টাকা, পাইজাম সিদ্ধ ৪৪ টাকা, আতপ (পুরনো) ৪৬ টাকা ও ভিয়েতনাম আতপ ৩১ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।
বেড়েছে ওএমএস'র পরিধি
চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি, ফেয়ার প্রাইস, চতুর্থ শ্রেণীর কর্মচারী ও ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের জন্য চাল গম বিক্রি- এ চারটি কর্মসূচি চলছে।
ওএমএস'র আওতায় সপ্তাহে ছয় দিন ১ হাজার ৭৯৬ জন ডিলারের মাধ্যমে ২ হাজার ৭৬২ টন চাল বিক্রি হচ্ছে।
ওএমএস এ প্রতিদিন ২৪ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি এবং অন্য তিনটি কর্মসূচিতে মাসে একবার জনপ্রতি ২০ কেজি চাল ও গম ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে।
জানুয়ারি থেকে খোলা বাজারে চাল বিক্রিসহ অন্যান্য কর্মসূচি হাতে নেয় সরকার। ন্যায্য মূল্যের চাল বিক্রির সুবিধা বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এর পরিধিও বাড়ানো হয়েছে।
গত সপ্তাহ থেকে নগরীতে ওএমএস'র ট্রাকের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৫৫-এ উন্নীত করা হয়েছে। দৈনিক প্রতি ট্রাকে তিন টন করে চাল বিক্রি করা হচ্ছে।
ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব কর্মসূচি অব্যাহত থাকায় দরিদ্র ও নির্দিষ্ট আয়ের লোকজন সুবিধা পাচ্ছে। এতে চালের বাজারেও প্রভাব পড়ছে। তাই খোলা বাজারে চাল বিক্রির পরিধি আরো বাড়ানো হয়েছে।"
খোলা বাজারে চাল বিক্রির প্রভাব পাইকারি বাজারে পড়েছে স্বীকার করে চাল ব্যবসায়ী নেতা ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কর্মসূচি অব্যাহত থাকলে চালের বাজার আরও স্থিতিশীল হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এফএফ/এমআই/০৯২১ ঘ.
bdnews24