বেনাপোল, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের সাদীপুর ইদুরবাড়ী পোষ্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের জোয়ানরা বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালায়। এতে ২ জন আহত হয়।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একজন আহত হওয়ার কথা স্বীকার করেছে।
যশোর ২২ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল কোম্পানী কমান্ডার সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসএফ জোয়ানরা ১ রাউন্ড গুলি চালায়। এতে মুন্না নামের (১৬) একজন গরু ব্যবসায়ী আহত হয়। সে সাদীপুর গ্রামের দীন আলী দিনুর ছেলে।"
অন্যদিকে সাদীপুর গ্রামের সুলতান আহমেদ মেম্বার জানান, বিএসএফ ৬ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে দুজন আহত হয়। এদের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যজন বেনাপোলের বড়আচড়া গ্রামের মুন্নাফ হোসেনকে (১৮) গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৩ ঘ.
bdnews24