২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ মামলায় গ্রেপ্তার আসামির 'আত্মহত্যা'

শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার এক নারী আসামি বুধবার থানা হাজতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণ মামলায় গ্রেপ্তার এক নারী আসামি বুধবার থানা হাজতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গা থানা হাজতের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নিগার সুলতানা মিনা (২৬) নামের ওই আসামি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আত্মহত্যা করেন বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। শিশু অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে স্বামী সামিউল ইসলামসহ গ্রেপ্তার করে মঙ্গলবার চট্টগ্রামে আনা হয়। ওসি কালাম জানান, শৌচাগারে যাওয়ার পর ১৫ মিনিট পেরিয়ে গেলেও মিনা বের হচ্ছেন না দেখে দরজা ভাঙা হয়। এ সময় শৌচাগারের ঘুলঘুলির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পাটের রশি ব্যবহার করে মিনা আত্মহত্যা করেছেন- এ কথা জানিয়ে ওসি বলেন, শৌচাগারে কোনো পাটের দড়ি ছিল না। মিনা কোনোভাবে ওই দড়ি জোগাড় করেছেন। "গ্রেপ্তার মিনার সঙ্গে তার দেবর, ননদ ও মামা দেখা করতে আসেন সকালে। তাদের উপস্থিতিতেই শৌচাগারের দরজা ভাঙা হয়েছে।" এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা তদন্ত করতে থানা পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা। ম্যাজিস্ট্রেটের তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পতেঙ্গা থানার আকবর আলী কলোনী থেকে গত ১৬ মার্চ অফহৃত ১৪ মাস বয়েসি এক শিশুসহ মিনা ও তার স্বামী সামিউলকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১০৩ ঘ.