ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর পরিকল্পনা শাখার পরিচালক ড. জহুরুল হককে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এদিনই তার অবসরে যাওয়ার কথা।
আদেশে বলা হয়, জহুরুল হকের নিয়োগ বুধবারই অথবা তার কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা একিউএম শফিউল আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার পূর্ব কর্মস্থলে প্রত্যর্পণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮১১ ঘ.
bdnews24