ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির কবলে এবার পড়েছেন এক র্যাব সদস্য। অচেতন অবস্থায় তাকে পেয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে র্যাব-৭ এর কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেমকে গাবতলী বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় র্যাব-৪ এর একটি টহল দল।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসেম চট্টগ্রামে র্যাব-৭ কর্মরত। একটি মামলায় সাক্ষ্য দিতে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন তিনি। বাসে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।
হাশেমের কাছ থেকে কী কী খোয়া গেছে, তা জানা যায়নি বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।
কৌশলে ওষুধ খাইয়ে অচেতন করে সর্বস্ব হাতিয়ে নেওয়া অপরাধীরা অজ্ঞান পার্টি বলে পরিচিত। তাদের কবলে পড়ে এর আগেও অনেকে টাকা-কড়ি খুইয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২০৫ ঘ.
bdnews24