গাজীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কেন্দ্র থেকে তার উত্তরপত্র বাড়ি নিয়ে গেছে।
রাতে তার বাড়ি থেকে ওই উত্তরপত্র উদ্ধার এবং তাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল জামালপুর কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
মো. ফাইজুল্লাহ নামের এই পরীক্ষার্থী কালীগঞ্জের বক্তারপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ভাওয়াল জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন জানান, কালীগঞ্জ-২ কেন্দ্রের (ভাওয়াল জামালপুর কলেজ) ১১ নম্বর কক্ষে ৫৫ জন পরীক্ষার্থী ছিলেন। সেইমতো ৫৫টি উত্তরপত্র বিতরণ করা হয়।
কিন্তু পরীক্ষা শেষে পরিদর্শকরা একটি উত্তরপত্র কম পাওয়ায় ফাইজুল্লাহকে চিহ্নিত করা হয় এবং রাত ৯টার দিকে তার বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার ও তাকে বহিস্কার করা হয়।
এছাড়া ১১ নম্বর কক্ষের পরিদর্শক ভাওয়াল জামালপুর কলেজের প্রভাষক মাইন উদ্দিন, বায়োজিদ বারী ও মাহফুজুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, বলেন অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.
bdnews24