২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের সাংগ্রাই নগরীতে

নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আদলে চট্টগ্রাম শহরে 'জলকেলি' করলো রাখাইন তরুণ-তরুণীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 05:22 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আদলে চট্টগ্রাম শহরে 'জলকেলি' করলো রাখাইন তরুণ-তরুণীরা। বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিআরএসএ) মঙ্গলবার দুপুরে নগরীর কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে 'বুদ্ধস্নান ও জল কেলি' উৎসবের আয়োজন করে। বিআরএসএর সভাপতি সংঞোসা রাখাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা পড়া লেখা বা চাকরির প্রয়োজনে শহরে থাকেন, সাংগ্রাই উপলক্ষে তাদের অনেকেরই বাড়ি যাওয়া সম্ভব হয় না। তাই বন্ধু-বান্ধবদের নিয়ে শহরেই এ উৎসবের আয়োজন করেছি আমরা।" পূজার মধ্য দিয়ে সকাল থেকেই এ উৎসবের শুরু হয়। কাতালগঞ্জ বৌদ্ধ বিহারের বুদ্ধকে নতুন বছর উপলক্ষে স্নান করানো হয়। বন্দনা শেষে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাখাইন ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে এবং একে অপরকে পানিতে ভিজিয়ে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব উদযাপন করে। এভাবেই রাখাইন পঞ্জিকার ১৩৭৮ বর্ষকে বরণ করে নেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২৩০১ ঘ.