চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া চালবাহী উত্তর কোরীয় জাহাজটি উদ্ধার করবে মালিকপক্ষ।
দুর্ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার এমভি হায়াং রো বংয়ের মালিকপক্ষ এটি উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানায়।
গত বুধবার গভীর রাতে বন্দরের বহির্নোঙরে বাংলাদেশি জাহাজ এমভি বঙ্গ লংকার ধাক্কায় উত্তর কোরীয় জাহাজ এমভি হায়াং রো বং ডুবে যায়। এতে সরকারি আমদানির ৫০ কোটি টাকা সমমানের চাল ছিলো।
মঙ্গলবার দুুপরে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদের বৈঠক হয়।
এতে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান, হারবার মাস্টার একেএম জাফর উল্লাহ চৌধুরী, উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম এবং উত্তর কোরীয় জাহাজের মালিকপক্ষ চিন হুং শিপিংয়ের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের উপস্থিত ছিলেন।
নিয়ম অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ জাহাজটি উদ্ধার না করলে বন্দর কর্তৃপক্ষ ডুবন্ত জাহাজ উদ্ধারে পদক্ষেপ নেয়। তবে সেক্ষেত্রে মালিক প্রতিষ্ঠান জাহাজের মালিকানা দাবি করতে পারে না।
জাহাজটি ডুবে যাওয়ার পর তা উদ্ধারে মালিকপক্ষকে বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল।
জাহাজ মালিকের প্রতিনিধি মহিউদ্দিন আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি উদ্ধার করার বিষয়টি আমরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি।
তিনি জানান, উদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে ডুবে যাওয়া চাল কী করা হবে তা জানতে চেয়ে চাল আমদানিকারক পক্ষ বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিকপক্ষ ভেঙে বা টেনে যেকোনো উপায়ে ডুবে যাওয়া জাহাজ সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
বন্দরের বহির্নোঙর থেকে তা সরিয়ে নিতে কতদনি সময় লাগবে তা নির্ধারণ হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৮ ঘ.
bdnews24