খুলনা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক টুকরো লোহা চুরির দায়ে খুলনা সদর থানায় বেলাল (৯) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওসির কক্ষে শিশুটির ওপর এ নির্যাতন চালানো হয় বলে মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন।
শিশুটি বলেছে, তাকে হাতকড়া পড়িয়ে, কাপড় দিয়ে চোখ বেঁধে হাতের তালুতে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে।
সদর থানা পুলিশ বলছে, শিশুটিকে কোনো মারধর করা হয়নি, শুধু ভয় দেখানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগরীর মানবাধিকার সংগঠনগুলো।
মানবাধিকার সংগঠন অপরাজেয় বাংলাদেশ-এর খুলনা শাখার শিশু উন্নয়ন ব্যবস্থাপক মাহবুব আলম প্রিন্স সাংবাদিকদের জানান, বেলাল সকালে নগরীর গল্লামারী আলকাতরা মিল এলাকায় এক টুকরো লোহার রড চুরি করে। এ কারণে স্থানীয় লোকজন তাকে চড় থাপ্পর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
উপ-পরিদর্শক মনিরুজ্জামান খান থানায় শিশুটিকে অমানবিকভাবে পেটান বলে অভিযোগ করেন সেখানে থাকা মানবাধিকার কর্মীরা।
শিশু অধিকার রক্ষায় অপরাজেয় বাংলাদেশ ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে থাকে। তাদের কাজ হচ্ছে- থানায় কোনো শিশুকে যেন নির্যাতন বা ভয়ভীতি দেখানো না হয় এবং কোনো শিশুকে যেন থানা হাজত বা জেল হাজতে রাখা না হয় তা নিশ্চিত করা।
এজন্য এই সংগঠন দু'টির প্রতিনিধিরা সব সময়ই থানায় থাকেন। কোনো শিশুকে আটক করা হলে তাদেরকে আইনি কাঠামোর মধ্যেই মুক্ত করে সংশোধনের জন্য শেল্টার সেন্টারে নিয়ে রাখা হয়।
প্রিন্স জানান, দরিদ্র্য শ্রমিক পরিবারের সন্তান বেলাল রূপসার বরফপট্টিতে থাকে।
শিশুটির উপর নির্যাতনের খবর মানবাধিকার সংগঠনের কর্মীদের মাধ্যমে দ্রুত নগরীর সাংবাদিকদের কাছে ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা থানায় ভীড় জমান।
থানায় মানবাধিকার কর্মীরা সাংবাদিকদের জানান, এক পর্যায়ে তাদের চাপে শিশুটির উপর নির্যাতন বন্ধ করা হয়।
সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা শিশুটির সাথে কথা বলতে চাইলে এসআই মনিরুজ্জামান সে সুযোগ না দিয়ে কৌশলে তাকে নিয়ে থানা থেকে বের হয়ে যান।
সাংবাদিকরাও তাদের পিছু নেন। থানার পেছনে খুলনা রেলস্টেশন এলাকায় সাংবাদিকরা এসআই মনিরুজ্জামান ও শিশুটিকে পেয়ে যান। শিশুটিকে নির্যাতনের বিষয়ে জানতে চাওয়া হলে মনিরুজ্জামান বিষয়টি এড়িয়ে যান।
শিশু বেলাল তখন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলে, "স্যার পেটের ক্ষুধায় আলকাতরা মিল এলাকা থেকে এক টুকরো লোহার রড নিয়েছিলাম। ওই রড বিক্রি করে একটি রুটি খেতে চেয়েছিলাম। কিন্তু এলাকার লোকজন আমাকে ধরে মেরেছে। পরে পুলিশে দিয়েছে।"
বেলাল তার হাত সাংবাদিকদের দেখিয়ে বলে, "থানায় এনে আমার চোখ বেঁধে হাতে শিকল (হাতকড়া) পড়ায়। এসময় আমার হাতে কারেন্টের শক দিছে।"
এ ব্যাপারে অপরাজেয় বাংলাদেশের গবেষণা কর্মকর্তা ভারতী বসু বলেন, "শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদে (ইউএনসিআরসি) অনুস্বাক্ষরকারী দেশ।
এই সনদের ৩৭ ও ৪০ নং ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, শিশুকে কোনো অবস্থাতেই পুলিশ নির্যাতন বা ভয়-ভীতি দেখাতে পারবে না। এমনকি তার সঙ্গে ফৌজদারী মামলার আসামির মতো ব্যবহারও করা যাবে না।"
এমনকি ১৯৭৪ সালের শিশু অধিকার আইনেও একই কথা বলা হয়েছে। স
bdnews24