ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিবাহ রোধে জন্ম সনদের ব্যবহার নিশ্চিতের সুপারিশ করেছে চাইল্ড পার্লামেন্ট সদস্যরা। এছাড়া ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুদের নিয়োগের ক্ষেত্রে জন্ম সনদ দেখানো বাধ্যতামূলক করারও সুপারিশ করা হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্টের ৮ম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে এসব সুপারিশ পেশ করা হয়।
এদিন আলোচ্য বিষয় ছিল 'জন্ম নিবন্ধন'।
অধিবেশনে সম্মানীত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও সাংসদ তহুরা আলি। আরো উপস্থিত ছিলেন সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী।
চাইল্ড পার্লামেন্টের সদস্যরা সব শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করে একটি জোরালো মনিটরিং ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ করা হয় যে, নানা কারণে শিশুরা একাধিকবার জন্ম নিবন্ধন করে থাকে। প্রথম শ্রেণীতে ভর্তির সময় একবার করে। পরে বিশেষ করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সময় অনেকেই বয়স কমিয়ে নতুন করে জন্ম নিবন্ধন করে থাকে। এটি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
শিশুদের এ বক্তব্যের পরিপেক্ষিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, এ পর্যন্ত দেশের ১৪ কোটিরও বেশি মানুষের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এটি মোট জনসংখ্যার ৯৪.১৪%। শতভাগ জন্ম নিবন্ধিত জেলার সংখ্যা ৩৬।
শিশুরা ২০০২ সালে জাতিসংঘে অনুষ্ঠিত শিশু বিষয়ক বিশেষ অধিবেশনের আদলে জাতীয় সংসদে একটি বিশেষ অধিবেশন আয়োজনের দাবি জানায়।
চাইল্ড পার্লামেন্টের ৮০জন সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
'চাইল্ড পার্লামেন্ট' হচ্ছে ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জাতীয় পর্যায়ের একটি সংগঠন।
সেভ দ্য চিলড্রেন, প্লান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এই অধিবেশনে ৮০ জন শিশু সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চাইল্ড পার্লামেন্টে সমাজের সর্বশ্রেণীর শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। যেমন, শহরের শিশু, গ্রামের শিশু, স্কুলের শিক্ষার্থী, ঝরে পড়া শিশু, প্রতিবন্ধী, ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশু, আদিবাসী বা যৌনপল্লীতে বসবাসরত শিশু।
এই পার্লামেন্টের সদস্যরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করে থাকে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের শিশুদের প্রত্যক্ষ ভোটে একজন মেয়ে এবং ছেলে শিশু সংসদ সদস্য নির্বাচিত হয়।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে একজন স্পিকার, ২জন ডেপুটি স্পিকার ও ২জন উপদেষ্টা সদস্য নির্বাচিত করা হয়। পাঁচজনের এই কমিটি হচ্ছে 'স্টিয়ারিং কমিটি'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমইউএস/এইচএ/২১৫০ ঘ.
bdnews24