ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকশে।
আগামী ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সফরে তার সফরসঙ্গী হিসাবে থাকবেন শ্রীলঙ্কার ফার্স্ট লেডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে দুই দেশের মধ্যে রপ্তানি, বাণিজ্য, কৃষি, মৎস্য ও গবাদি পশু, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় চুক্তির প্রত্যাশা করা হচ্ছে।
সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠক করবেন রাজপাকশে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও তার সঙ্গে দেখা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২২০৯ ঘ.
bdnews24