২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ ছাড়া সবাই নদী দখল করেছে

আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারাই নদী, খাল, বিল ও জমি দখল করেছে বলে মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

গাজীপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারাই নদী, খাল, বিল ও জমি দখল করেছে বলে মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঙ্গলবার দুপুরে গাজীপুরে তিনি বলেন, এই দখলদারদের শুধু জরিমানা নয়, জেলের ব্যবস্থা করতে হবে। টঙ্গীতে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) মাঠে তুরাগ নদী দখলমুক্ত রাখতে সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স সভাপতি শাহজাহান খান বলেন, কিছু প্রভাবশালী ভূমি দখলদার একের পর এক জায়গা দখল করছে। দখলদার যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নদীর পাড় বাঁধাই, সাইড ওয়াল, ওয়াকওয়ে, ড্রাইভ ওয়ে নির্মাণ ও বনায়নের জন্য ইতোমধ্যে সরকার ৯৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। নদী রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রচার উপকমিটির আহ্বায়ক সাংসদ সানজিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ জাহিদ আহসান রাসেল প্রমুখ। আব্দুল মান্নান খান বলেন, অপরিকল্পিতভাবে ফসলি জমি দখল করে শিল্প কলকারখানা স্থাপন অব্যাহত থাকলে আগামী ৭ বছরে এক বিঘা ফসলি জমিও অবশিষ্ট থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৯ ঘ.