২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে গণভোট দাবি বিএনপির

সংবিধানে মৌলিক পরিবর্তন আনার আগে এ বিষয়ে গণভোট দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে মৌলিক পরিবর্তন আনার আগে এ বিষয়ে গণভোট দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার ঢাকায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই দাবির কথা জানান। তিনি বলেন, "সংবিধানের মৌলিক কোনো ধারা পরিবর্তনের চিন্তাভাবনা সরকারের থাকলে ওই নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করতে হবে। তা না হলে জনগণ ওই পরিবর্তন মেনে নেবে না।'' সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি মহানগর কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের মুক্তি দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে 'বৃহত্তর কুমিল্লা জেলার আ ন হ এহছানুল হক মিলন মুক্তি পেশাজীবী পরিষদ'। বিএনপির অভিযোগ, 'আজগুবি ও হাস্যকর' ১৯টি মামলায় মিলনকে ১১ মাস কারাগারে আটকে রাখা হয়েছে। একের পর এক এসব মামলায় উচ্চতর আদালত থেকে মিলন জামিন পেলেও সঙ্গে সঙ্গে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আটকে রাখা হয়েছে। খন্দকার মোশাররফ সরকারের সমালোচনা করে বলেন, আদালতের ঘাড়ে ভর করে সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছে। সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই সংসদের মাধ্যমে তা করতে হবে। অন্য কোনোভাবে করা হলে তা গ্রহণযোগ্য হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও তা বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওই প্রতিবেদনকে 'দুর্বল' বলে প্রত্যাখ্যান করলেও বাস্তবচিত্র ভিন্ন। তিনি মিলনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংগঠনের সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২০ ঘ.