২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিন্ম আদালতে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের মিছিল

এজলাস ভাংচুর ঘটনার জের ধরে ঢাকার নিন্ম আদালতপাড়ায় আইনজীবীরা মহানগর দায়রা জজ ও মুখ্য মহানগর হাকিমের বিরুদ্ধে মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাস ভাংচুর ঘটনার জের ধরে ঢাকার নিন্ম আদালতপাড়ায় আইনজীবীরা মহানগর দায়রা জজ ও মুখ্য মহানগর হাকিমের বিরুদ্ধে মিছিল করেছে। মঙ্গলবার বিকালে 'সাধারণ আইনজীবীরা' ওই দায়রা জজকে দুর্নীতিবাজ ঘুষখোর অভিহিত করে শ্লোগান দিয়ে দফায় দফায় আদালতপাড়া ও পার্শ্ববর্তী জনসন সড়কে মিছিল করেন। তারা মহানগর জজ আদালতের জানালা ভাংচুর করেন। এছাড়া মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের ইন্ধনে আইনজীবীদের বিরুদ্ধে রোববার দুটি মামলা হয় বলে দাবি করেন তারা। মিছিল শেষে কয়েকশ আইনজীবী ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সমাবেশ করেন। পরে এ সমাবেশে আওয়ামী ও বিএনপির নেতৃস্থানীয় আইনজীবীরাও যোগ দেন। সমাবেশে আইনজীবীরা মো. জহুরুল হকের অপসারণ দাবি করেন। এদিকে গত রোববার এজলাস ভাংচুর মামলার ঘটনার আসামি অ্যাডভোকেট নূরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত চাওয়ার ঘটনায় ঢাকার নিু আদালতে আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এম এ সালামের শাস্তির দাবিতে মিছিল করেন। নূরুল ইসলামের বিরুদ্ধে চাওয়া সাতদিনের হেফাজতের আবেদনটি শুনানির জন্য ১৮ এপ্রিল দিন রাখা হয় বলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ সময় আদালত পাড়ায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রোববারের এজলাস ভাংচুরের ঘটনায় তিন জন আইনজীবীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০জন আইনজীবীর বিরুদ্ধে কোতয়ালি থানায় দায়ের করা দুই মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে ৭ আইনজীবী আগাম জামিন নিয়েছেন। ওই দুই মামলার বাদি হলেন, বিচারক এম এ সালামের বেঞ্চ সহকারী নাজমা বেগম এবং মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক খলিলুর রহমান। গত রোববার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও একটি প্রতারণা মামলার আসামি আইনজীবী নূরুল ইসলাম। সেদিন তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। এতে বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাস ভাংচুর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯১২ ঘ.