ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারিসহ সব ধরণের শিল্পঋণের সুদের হার ১৩ শতাংশের নিচে রাখার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
মঙ্গলবার দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের কাছে এ দাবি জানান।
গর্ভনর আতিউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য শিল্প ও কৃষি দুখাতকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ একটি অপরটির পরিপূরক হিসাবে কাজ করে।
"মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট রয়েছে। এ জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
আমদানি কমাতে কয়েকটি কৃষি খাতে স্বল্পসুদে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান গর্ভনর।
"এটি বাজেটে অন্তর্ভুক্ত থাকায় স্বল্পসুদে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে। এক্ষেত্রে ঋণগ্রহীতা স্বল্পসুদ দেয়, বাকিটুকু সরকার ভর্তুকি হিসাবে দেয়। আপনারাও শিল্পখাতগুলো বাজেটে অন্তর্ভুক্ত করতে পারলে ব্যাংকের ঋণ দিতে আপত্তি নেই।"
বাংলাদেশ ব্যাংক এসএমই ঋণ ব্যবস্থাপনার জন্যে একটি নীতিমালা তৈরি করছে বলে জানান গর্ভনর।
ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় 'কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অর্থায়ন বিষয়ক গোল টেবিল আলোচনা' শিরোনামের সভাটি আয়োজন করে এফবিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৮১০ ঘ.
bdnews24