ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেছেন, দেশে প্রাকৃতিক দুর্য়োগ হলেও খাদ্য সঙ্কট হবে না।
মঙ্গলবার মন্ত্রণালয়ে দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আগামী দুমাসের মধ্যে দেশে খাদ্য মজুদ সব মিলিয়ে ১৮ থেকে ১৯ লাখ টন হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ সময়ে গত বছরের তুলনায় দ্বিগুণ মজুদ থাকবে।
মন্ত্রী বলেন, এ মুহূর্তে আট লাখ ৩৪ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে, চট্রগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় মোট দুলাখ টন রয়েছে। থাইল্যান্ড থেকে দুলাখ টন ও ভিয়েতনাম থেকে এক লাখ টন খাদ্যশস্য আমদানির চুক্তি হয়েছে। এছাড়া ছয় লাখ টন খাদ্যশস্য আমদানির জন্য এলসি করা হয়েছে। এ অবস্থায় দুর্ভিক্ষ, খাদ্য সঙ্কট ও মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।
আগামী বোরো মৌসুমে ধান ওঠা শুরু করলে মোটা চালের দাম আরো সহনশীল পর্যায়ে আসবে বলে জানান খাদ্যমন্ত্রী।
সরু চালের দাম না কমলেও মোটা চালের দাম কমেছে- এ দাবি করে মন্ত্রী বলেন, ওএমএসের লাইনে এখন ভিড় কমে আসছে। মোটা চালের দাম কমে যাওয়ায় এ অবস্থা হচ্ছে।
একটি সংবাদপত্রে চাল আমদানিতে অনিয়ম হয়েছে দাবি করে প্রকাশিত সংবার বিষয়ে মন্ত্রী বলেন, দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তির মাধ্যমে চাল আমদানি করা হয়েছে। সরকারি পর্যায়ে আমদানি হওয়ায় এখানে দুর্নীতির প্রশ্ন আসে না।
যখন যে মূল্যে চুক্তি হয় সে মূল্যেই খাদ্যশস্য আমদানি করা হয় জানিয়ে রাজ্জাক বলেন, চুক্তির পর দামের ওঠানামা হলেও আমদানির এ পর্যায়ে কোনো তারতম্য ঘটে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮০৩ ঘ.
bdnews24