২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

মাগুরা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে চার জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাগুরা থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, মঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুল হাই সর্দারের সমর্থকরা সোমবার বিকালে ভাবনহাটি এবং ওটিলা গ্রামে মোটরসাইকেল মহড়া দেয়। এ সময় তার সম্ভাব্য নির্বাচনী প্রতিপক্ষ ভাবনহাটি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার মোল্লার সমর্থকরা এগিয়ে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।" এর জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভাবনহাটি বাজারের কাছে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এদের মধ্যে নূর আলম (৩০), মোসলেম উদ্দিন (৪৬), আবু বক্কর (৬০) ও শহিদুল ইসলামকে (৪৮) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাত্তার লস্কর ও আনসার আলী নামে দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নূর আলম (৩০), মোসলেম উদ্দিন (৪৬), আবু বক্কর (৬০) ও শহিদুল ইসলামকে (৪৮) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আব্দুর রাকিব বলেন, "এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৭৫৮ ঘ.