ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের বিভিন্ন পদে কর্মরত ক্যাডারভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার এ স্থান-সূচি প্রকাশ করেছে। এছাড়া কর্মকমিশনের নিজস্ব ওয়েবসাইটে গত ৫ এপ্রিল এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসব কর্মকর্তাকে পদোন্নতির জন্য পরীক্ষায় অংশ নিতে হবে।
এ ব্যাপারে পিএসসি'র সচিব চৌধুরী বাবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনে কর্মরত সব ক্যাডারের পদোন্নতি না হওয়া অথবা বিভিন্ন সময়ে পরীক্ষায় অনুত্তীর্ণ কর্মকর্তারা এ পরীক্ষায় অংশ নেবেন। এজন্য ইতোমধ্যেই এসব কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত ৬ এপ্রিল সংস্থাপন মন্ত্রণালয় থেকে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে পদোন্নতির জন্য আগ্রহী কর্মকর্তাদের পরীক্ষায় অংশ নিতে চিঠি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24